Published : 24 May 2026, 05:12 PM
রাজধানীর তিন শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ‘আনন্দময় দিন’ উপহার দেওয়ার কথা জানিয়েছে নুডলস ব্র্যান্ড ‘মিস্টার নুডলস’।
শুক্রবার পল্লবীতে ‘অ্যামেজিং ডে’ শীর্ষক এ অনুষ্ঠান আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, অনুষ্ঠানের শুরুতেই শিশুদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় সবার হাতে তুলে দেওয়া হয় মিস্টার নুডলসের রঙিন টি-শার্ট।
পুষ্টিকর নাশতার মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে শিশুদের জন্য ছিল মেধা ও প্রতিভা বিকাশের নানা ধরনের গেমস, খেলাধুলা, নাচ-গান, ছবি আঁকা এবং বিনোদনমূলক কার্যক্রম। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে বলে ভাষ্য আয়োজকদের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে একজন পুষ্টিবিদ শিশুদের সুষম খাদ্য ও পুষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বাড়ির আঙিনা ও খোলা জায়গায় ফল, সবজি ও পুষ্টিকর গাছ লাগানোর পরামর্শ দেন।
পরে শিশুদের অংশগ্রহণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। সেখানে একজন কৃষিবিদ গাছের প্রয়োজনীয়তা ও পরিবেশগত গুরুত্ব সম্পর্কে শিশুদের ধারণা দেন।
দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনে শিশুরা গান, নাচ, অভিনয়, কবিতা আবৃত্তি ও জাদু প্রদর্শনে অংশ নেয়। সেরা পারফরম্যান্সের জন্য তাদের পুরস্কৃত করা হয়।
সন্ধ্যায় শিশুদের জন্য মিস্টার নুডলসের বিশেষ স্ন্যাকসের ব্যবস্থা ছিল। এছাড়া অনুষ্ঠানে রাখা ‘উইশ বক্স’-এ শিশুরা বড় হয়ে কী হতে চায়, নিজেদের সেই স্বপ্নের কথা লিখে জানায়।
এ বিষয়ে মিস্টার নুডলসের জেনারেল ম্যানেজার (বিপণন) তোষন পাল বলেন, “সুবিধাবঞ্চিত শিশুরা আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই পিছিয়ে থাকে। তাদের জন্য সুন্দর ও আনন্দময় একটি দিন উপহার দেওয়ার লক্ষ্য থেকেই আমাদের এই আয়োজন।
“আমরা চাই, তারা যেন কিছুটা সময় হলেও আনন্দ উপভোগ করতে পারে। ভবিষ্যতেও এ ধরনের আরও উদ্যোগ নেওয়ার ইচ্ছা রয়েছে।”
মিস্টার নুডলসের এ আয়োজনে সহযোগী হিসেবে ছিল কারিতাস বাংলাদেশ।