Published : 19 May 2026, 07:57 PM
কুটিরশিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে যমুনা ব্যাংক।
এই চুক্তির ফলে উদ্যোক্তারা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ নেওয়ার সুযোগ পাবেন।
যমুনা ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ ব্যাংকের স্কিম দুটি হল- ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দ্য ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির ফলে যমুনা ব্যাংক দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছে বাংলাদেশ ব্যাংকের স্বল্প সুদের পুনঃঅর্থায়ন সুবিধা আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সক্ষম হবে।
সহজ শর্তের এই ঋণ সুবিধা দেশের সিএমএসএমই খাতের উন্নয়ন ও সম্প্রসারণের পাশাপাশি শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে যমুনা ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
যমুনা ব্যাংকের পক্ষে ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার নূর মোহাম্মদ এবং এসএমই বিজনেস প্রধান এন এইচ এম নুসরাত।