১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘জুলাই মেমোরিয়াল’ দাবায় আইইউবির ২ শিক্ষার্থীর সাফল্য

আট রাউন্ডে আট পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুব্রত বিশ্বাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 09:36 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

'জুলাই মেমোরিয়াল এফআইডিই দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৫’ প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে ইন্ডিপেনডেন্ট  ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) দুই শিক্ষার্থী।

দুজনের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অমিত বিক্রম রায় হয়েছেন দ্বিতীয়; আর তৃতীয় হয়েছেন আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের জাস্টিন ম্যাথিয়াস বারোই।

বৃহস্পতিবার আইইউবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ জুলাই আইইউবি দাবা ক্লাব এ প্রতিযোগিতা আয়োজন করে। এতে দেশের ৬৪টি প্রতিষ্ঠানের ১৪০ জন দাবারু অংশগ্রহণ করেন।

আট রাউন্ডে আট পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুব্রত বিশ্বাস। 

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহায়তায় এ প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন হারুন-উর-রশিদ।

পুরস্কার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম গ্র্যান্ডমাস্টার এবং আইইউবি দাবা ক্লাবের উপদেষ্টা নিয়াজ মোরশেদ ও আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড।