Published : 21 Oct 2025, 06:47 PM
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) হয়ে গেল ‘এআই ইন্টিগ্রেটেড সফটওয়্যার ডেভেলপমেন্ট: দ্য আল্টিমেট রোডম্যাপ’ শীর্ষক সেমিনার।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রতি সিআইইউ প্রোগ্রামিং ক্লাবের উদ্যোগে এ সেমিনার হয়েছে বলে মঙ্গলবার সিআইইউ কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সেমিনারে মূল বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ডেলিনিয়েট ইনক. এর স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার জনাব আরাফাত হোসাইন চৌধুরী।
এআই বর্তমানে সফটওয়্যার ডেভেলপমেন্টকে কীভাবে রূপান্তর করছে এবং কীভাবে শিক্ষার্থীরা এই প্রযুক্তিকে নিজেদের দক্ষতার অংশ করে তুলতে পারে, সে বিষয়ে সেমিনারে অংশগ্রহণকারীদের সামনে তিনি বিস্তারিত তুলে ধরেন।
এ ছাড়া সফটওয়্যার উন্নয়নে এআই কৌশল, এআই-পাওয়ার্ড অ্যাপ ও এআই সহায়তার ডেভেলপমেন্টের পার্থক্য, রিয়েক্ট ও টাইপস্ক্রিপ্ট দিয়ে ফ্রন্টএন্ড তৈরি, নিরাপদ ব্যাকএন্ড ও এআই এপিআই ইন্টিগ্রেশন, ডেটা প্রাইভেসি, অ্যাপ ডিপ্লয়মেন্ট ও ইউএক্স ডিজাইন, অন-ডিভাইস এবং ক্লাউড-ভিত্তিক এআই মডেলের বাস্তব প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আরাফাত হোসাইন চৌধুরী।
সেমিনারের উদ্বোধন করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. সাজ্জাতুল ইসলাম। ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী ইমন হোর সেমিনারে উপস্থাপনা করেন। সেমিনারের শেষে ‘লাইভ কুইজ সেশন’ রাখা হয়।
সেমিনারে সমাপনী বক্তব্যে সিএসই বিভাগের প্রভাষক ও ক্লাবের অ্যাডভাইজর হাবিবুর রহমান বলেন “আমরা চাই শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ না থেকে বাস্তবমুখী প্রযুক্তির দুনিয়াতেও নিজেদের দক্ষ করে তুলুক। এই আয়োজন তারই একটি অংশ।”