Published : 14 Jun 2026, 07:59 PM
কাজাখস্তানে ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস’ (আইএইউপি) আঞ্চলিক সম্মেলনে অংশ নিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান।
সম্মেলনে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন ইন হায়ার এডুকেশন’ শিরোনামের অধিবেশনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষা, মূল্যায়ন, প্রশাসন, কর্মসংস্থান উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির বিভিন্ন ক্ষেত্রে এআই সংযুক্তির অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।
গত ১১-১৩ জুন ওই সম্মেলন হয়েছে বলে রোববার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় প্রধান, শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং উচ্চশিক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে মতবিনিময় হয়েছে।
সম্মেলনে আইএইউপির নতুন প্রকাশনা ‘ইউনিভার্সিটিজ আফটার এআই: ভয়েসেস ফ্রম দ্য গ্লোবাল ফ্রন্টিয়ার’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ বইটিতে একটি অধ্যায় লিখেছেন মো. সবুর খান।
আইএইউপির ‘ট্রেজারার-ইলেক্ট’ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সবুর খান বলেন, “ডিআইইউ এমন একটি এআই-নেটিভ ইউনিভার্সিটি গড়ে তুলতে কাজ করছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু একটি প্রযুক্তি নয়’ বরং শিক্ষা ও প্রশাসনের প্রতিটি স্তরের সঙ্গে সমন্বিতভাবে যুক্ত রয়েছে।”