Published : 25 Aug 2025, 10:10 PM
তিনজন ডেলিভারি পার্টনারকে ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছে দেশের অনলাইনভিত্তিক ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন ডেলিভারি পার্টনারের বিমান ভাড়া, মক্কা ও মদিনায় থাকা এবং সফরের জন্য প্রয়োজনীয় সব খরচ ফুডপ্যান্ডাই বহন করবে।
২৬ মার্চ থেকে এপ্রিল পর্যন্ত সর্বাধিক ডেলিভারি সম্পন্ন করা তিন রাইডার এই ওমরাহ প্যাকেজ জিতেছেন। এ ছাড়া আরও পাঁচ রাইডারকে দেওয়া হয়েছে স্মার্টফোন।
রমজান ও ঈদ উপলক্ষে আয়োজিত বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে ঢাকা ও চট্টগ্রামের রাইডারদের মধ্যে এই পুরস্কার দেওয়া হয়।
ফুডপ্যান্ডার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানির সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা ও জুবায়ের সিদ্দিকী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ওমরাহ প্যাকেজ বিজয়ী বেইলি রোডের রাইডার সোহেল রানা বলেন, “আমি কখনো ভাবিনি জীবনে ওমরাহ করার সুযোগ পাব। আমাদের মতো সাধারণ পরিবারের জন্য এটি অনেকটা স্বপ্নের মত। ফুডপ্যান্ডার এই উদ্যোগ সেই স্বপ্ন পূরণ করেছে।”
গুলশানের রাইডার মো. বিল্লাল জোয়ার্দার এবার স্মার্টফোন পেয়েছেন। গত বছর তিনি একই ক্যাম্পেইনে ওমরাহ পালনের সুযোগ পান।
তিনি বলেন, “গতবছর ফুডপ্যান্ডা ভ্রমণ ও থাকার সব ব্যবস্থা চমৎকারভাবে করেছিল। এ বছর অন্য রাইডাররা সুযোগ পাচ্ছেন দেখে ভালো লাগছে। নতুন স্মার্টফোন আমার কাজ ও ব্যক্তিগত জীবন দুটোকেই সহজ করবে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেলিভারি পার্টনারদের জন্য এই উদ্যোগ ফুডপ্যান্ডার ‘প্যান্ডা হার্টস’ কর্মসূচির অংশ।
সুরক্ষা, সুস্থতা, ব্যক্তিগত উন্নয়ন, কমিউনিটি ও কল্যাণ সুবিধা—এই পাঁচটি মূল বিষয়কে কেন্দ্র করে কর্মসূচিটি পরিচালিত হচ্ছে। এর আওতায় স্বাস্থ্যসেবা, বীমা সুবিধা, অনলাইন শিক্ষা ও নমনীয় সময়ের কাজের সুযোগও রয়েছে।