Published : 22 Aug 2026, 05:20 PM
পদোন্নতি পেয়ে প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হয়েছেন সৈয়দ এম ওমর তৈয়ব।
বর্তমানে তিনি প্রেষণে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এ দায়িত্বও তিনি অব্যাহত রাখবেন।
প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাংকিং খাতে ২৬ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে ওমর তৈয়বের। ২০২০ সালে প্রাইম ব্যাংকে পুনরায় যোগ দেওয়ার আগে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, প্রাইম ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান।
এসব প্রতিষ্ঠানে চিফ বিজনেস অফিসার, হেড অব এমএসএমই, হেড অব ক্রেডিট অ্যান্ড কালেকশন, হেড অব রিটেইল অ্যান্ড স্মল বিজনেস রিস্ক, হেড অব ইমার্জিং স্মল বিজনেস এবং হেড অব অ্যাসেটস হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। সেখানে কনজ্যুমার ব্যাংকিংয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ইএমবিএ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। যুক্তরাষ্ট্রের ওমেগা পারফরম্যান্স থেকে ক্রেডিট স্কিল অ্যাসেসমেন্ট (সিএসএ) এবং ইনস্টিটিউট ফর মার্জার্স, অ্যাকুইজিশনস অ্যান্ড অ্যালায়েন্সেস (আইএমঅ্যান্ডএ) থেকে ইন্টারন্যাশনাল মার্জার্স অ্যান্ড অ্যাকুইজিশনস সার্টিফিকেশন অর্জন করেন।