প্রথম প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ১৬২%
প্রথম প্রান্তিকে ১৪৯ কোটি টাকা মুনাফা বৃদ্ধির তথ্য দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সিটি ব্যাংক পিএলসির অনিরীক্ষিত হিসাবে কর-পরবর্তী মুনাফা হয়েছে ২৪১ কোটি টাকা।
আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ৯২ কোটি টাকা; সে হিসাবে এবার নিট মুনাফা বেড়েছে ১৬২ শতাংশ।
বৃহস্পতিবার ব্যাংক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এবার ১৪৯ কোটি টাকা মুনাফা বৃদ্ধির তথ্য তুলে ধরেছে।
চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ১ টাকা ৬০ পয়সা; আগের বছরের একই সময়ে হয়েছিল ৬০ পয়সা।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও মাসরুর আরেফিন বলেন, “এত বড় মুনাফা বৃদ্ধিতে আমি যতটা খুশি, ততটাই অখুশি ক্রেডিট গ্রোথ বা ঋণের প্রবৃদ্ধি প্রথম প্রান্তিকে একদম কমে যাওয়ায়। আমাদের সেক্টরের ক্রেডিট গ্রোথ পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তা রীতিমতো দুশ্চিন্তার বিষয়।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রথম প্রান্তিকে নিট মুনাফার প্রবৃদ্ধি ব্যাংকের কোর ব্যাংকিং আয়ে ভূমিকা রেখেছে। ঋণ খাত থেকে সুদ আয় ১৪ শতাংশ বেড়ে যাওয়ায় আয় ১১৪৩ কোটি টাকা থেকে ১৩০৬ কোটি টাকা হয়।
“বিনিয়োগ খাতে আয় ৬০৩ কোটি টাকা বেড়ে হয়েছে ১০১৪ কোটি টাকা। একই সময়ে বৈদেশিক মুদ্রা বিনিময় আয়, কার্ড-সংক্রান্ত ফি এবং ট্রেড কমিশন বৃদ্ধির ও কমিশন আয় বেড়েছে ব্যাংকটির।”
