Published : 23 May 2026, 10:26 PM
ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’ এর বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন ফুটবলার হামজা চৌধুরী।
শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সেরা ক্রীড়াবিদদের হাতে স্বীকৃতি তুলে দেওয়া হয় বলে সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পুরস্কার পাওয়ার পর ভিডিও বার্তায় হামজা বলেন, “পুরস্কার পেয়ে খুব গর্ববোধ করছি। কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড দেশের ঐতিহ্যবাহী পুরস্কার। আমি আমার পরিবার, কোচ, সতীর্থ ও বন্ধুদের এবং ফ্যানদের ধন্যবাদ জানাচ্ছি সারা বছর ধরে আমাকে ও জাতীয় দলকে সাপোর্ট দেওয়ার জন্য।”
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিএসপিএ এবার ১৬টি বিভাগে ১৫ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করেছে।