Published : 17 Apr 2026, 12:00 AM
শহর-নগরের অলিগলিতে খাবার নিয়ে ছুটে চলা দেড় হাজারের বেশি রাইডারের জন্য ‘দুর্ঘটনা বীমা’ সুবিধা চালু করেছে ‘ফুডি এক্সপ্রেস লিমিটেড’।
এজন্য গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির সঙ্গে অংশীদারত্বের কথা জানিয়েছে ফুডি কর্তৃপক্ষ। এর ফলে রাইডাররা দুর্ঘটনাজনিত মৃত্যু বা পঙ্গুত্বের ক্ষেত্রে আর্থিক বীমা সুবিধা পাবেন।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফুডি বলেছে, ইতোমধ্যে ফুডির ১ হাজার ৫০০ জনের বেশি রাইডার এই সুবিধার আওতায় এসেছেন। প্রতি মাসেই এই সংখ্যা বাড়ছে। উদ্যোগের আওতায় রাইডারদের জন্য একটি ‘পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স প্ল্যান’ চালু করা হয়েছে, যার ফলে দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে বীমা সুবিধা মিলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আংশিক অক্ষমতার ক্ষেত্রেও নির্ধারিত আর্থিক সহায়তা রয়েছে, যা রাইডারদের অনিশ্চয়তার সময়ে সহায়ক ভূমিকা রাখবে। এই বীমা সুবিধাটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ঘটে যাওয়া দুর্ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। বছরে এটি নবায়ন হবে।
ফুডি এক্সপ্রেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান বলেন, “প্রাথমিকভাবে ফুডির শীর্ষ রাইডারদের এই প্ল্যানের আওতায় আনা হয়েছে, তবে ধীরে ধীরে সব রাইডারকে এই সুবিধার অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে।”