Published : 24 Mar 2026, 07:50 PM
রাজস্ব ভাগাভাগির অংশ হিসেবে বাংলাদেশ ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৪৭০ টাকা দিয়েছে মোবাইলে আর্থিক সেবা দেওয়া কোম্পানি নগদ।
২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত নগদের রাজস্ব থেকে ডাক বিভাগকে এ অর্থ দেওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগদ।
মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ের ডাক ভবনে এক অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের কাছে চেক তুলে দেন নগদের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ।
ডাক বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী ব্যবসা পরিচালনার জন্যে প্রযুক্তিসহ প্রয়োজনীয় সকল বিনিয়োগ করবে নগদ। সেবা পরিচালনার ক্ষেত্রে ডাক বিভাগের কোনো আর্থিক বিনিয়োগ থাকবে না। তবে সেবা থেকে রাজস্বের ৫১ শতাংশ পাবে ডাক বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে বিভিন্ন সময়ে ডাক বিভাগকে ১৪ কোটি ৬০ লাখ ৯৪ হাজার ৬৬০ টাকা রাজস্বের অংশ দিয়েছে নগদ। এর মধ্যে ২০২৪ সালের মে মাসে এক অনুষ্ঠানের মাধ্যমে ৫ কোটি ৫১ লাখ ৩৭ হাজার ৫৫৮ টাকার চেক হস্তান্তর করা হয়। তার আগে ২০২২ সালে ৪ কোটি ৫০ লাখ ৪৬ হাজার ৬৪৭ টাকা এবং ২০২০ সালে ১ কোটি ১২ লাখ টাকা ডাক বিভাগকে দিয়েছিল নগদ।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, “নগদ এই খাতের বাজারে যথেষ্ট প্রতিযোগিতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে, যা ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে গ্রাহককে আরো উৎসাহ দিচ্ছে। এর ফলে এই খাতে বাংলাদেশের প্রভূত উন্নতি ঘটছে।
“এখন বছরে ১৩-১৪ কোটি টাকা পাওয়া যাচ্ছে, আশা করি সেই সময় দূরে নয়, যখন বছরে এখান থেকে সরকার একশ কোটি টাকা রাজস্ব পাবে।”
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “নতুন নতুন উদ্ভাবনের পাশাপাশি বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি করে গ্রাহক স্বার্থ নিশ্চিত করার ক্ষেত্রে নগদের অবদান সবচেয়ে বেশি। সেইসঙ্গে প্রতি বছর সরকারের রাজস্ব আয়েও নগদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ, নগদের বাংলাদেশ ব্যাংক নিযুক্ত সহযোগী প্রশাসক মো. নাহিম উদ্দিন, নগদের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম উপস্থিত ছিলেন।