Published : 17 May 2026, 06:44 PM
দেশের বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য যৌথ উদ্যোগে মাস্টারকার্ডের ডেবিট ও প্রিপেইড কার্ড চালু করেছে ডাচ-বাংলা ব্যাংক ও বার্জার পেইন্টস বাংলাদেশ।
রোববার ডাচ-বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই উদ্যোগের লক্ষ্য হল ডিলার ও পেইন্টারদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, সহজ ডিজিটাল পেমেন্ট সুবিধা নিশ্চিত করা এবং আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আরও অন্তর্ভুক্ত করা।
“এই কো-ব্র্যান্ডেড কার্ড প্রোগ্রামটি কার্ডহোল্ডারদের দীর্ঘমেয়াদে শক্তিশালী আর্থিক প্রোফাইল গড়ে তুলতে সহায়তা করবে, যেখানে তারা ঋণসহ বিভিন্ন আনুষ্ঠানিক ব্যাংকিং সেবা পাবে।”
ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এহতেশামুল এইচ খান, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, পরিচালক জাকিয়া সুলতানা, বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রুপালি চৌধুরী, ডিএমডি মো. আবেদুর রহমান সিকদার, চিফ বিজনেস অফিসার আবুল কাসেম মোহাম্মদ সাদেক নেওয়াজ, চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদ তারেক কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এহতেশামুল এইচ খান বলেন, “বার্জার পেইন্টস ও মাস্টারকার্ডের সঙ্গে আমরা একটি গুরুত্বপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারছি এবং তাদের জন্য নিরাপদ ও রিওয়ার্ডভিত্তিক আর্থিক সেবা নিশ্চিত করতে পারছি, যা তাদের দীর্ঘমেয়াদি আর্থিক কল্যাণে সহায়ক হবে।”
রুপালি চৌধুরী বলেন, “আমাদের ডিলার ও পেইন্টাররাই আমাদের ব্যবসার মূল চালিকাশক্তি। তাদের আর্থিক নমনীয়তা বৃদ্ধি, দৈনন্দিন সুবিধা উন্নত করা এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ তৈরি করতে সহায়ক বিভিন্ন টুলস প্রদানের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “ডিবিবিএল ও বার্জার পেইন্টসের সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ কর্মশক্তিকে আরও বেশি সুবিধা, নিরাপত্তা এবং দৈনন্দিন জীবনে কার্যকর মূল্য নিশ্চিত করতে পারছি।”