Published : 26 May 2026, 09:52 PM
হাম পরিস্থিতি মোকাবেলায় শিশুদের জন্য ‘বিশেষায়িত’ চিকিৎসা ব্যবস্থা চালু করেছে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল।
এ হাসপাতালে ভর্তি হওয়া ১৬ জন হাম আক্রান্ত রোগীর মধ্যে ১৪ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
মঙ্গলবার এ হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদানী অ্যাভিনিউর সাঁতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে হাম রোগীদের জন্য পৃথক আইসোলেশন ইউনিট, জরুরি ট্রায়াজ ব্যবস্থা, পৃথক এনআইসিইউ ও পিআইসিইউ জোন এবং সংক্রমণ নিয়ন্ত্রণ কার্যক্রম চালু করা হয়েছে।
এছাড়া রোগীদের জন্য নির্ধারিত চলাচল ব্যবস্থা এবং নিয়মিত জীবাণুমুক্তকরণ কার্যক্রমের মাধ্যমে নিরাপদ চিকিৎসা পরিবেশ বজায় রাখা হচ্ছে। পাশাপাশি জরুরি সেবা, ভেন্টিলেশন সাপোর্ট এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
গুরুতর রোগীদের জন্য নিশ্চিত করা হচ্ছে ‘ওয়ান-টু-ওয়ান নার্সিং সাপোর্ট’ ও সার্বক্ষণিক পর্যবেক্ষণ ব্যবস্থা।
ইউনাইটেড হেলথকেয়ারের মেডিকেল সার্ভিসেসের ডিরেক্টর ডা. আজহারুল ইসলাম খান বলেন, “বাংলাদেশে হাম পরিস্থিতি মোকাবেলায় সরকারি ও বেসরকারি স্বাস্থ্যখাতের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। কার্যকর সংক্রমণ নিয়ন্ত্রণ, সাশ্রয়ী চিকিৎসা, দ্রুত সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রচেষ্টাই পারে এই সংকটকে আরও কার্যকরভাবে মোকাবেলা করতে। কারণ প্রতিটি শিশুর সময়মত চিকিৎসা পাওয়ার অধিকার আছে এবং এমন জাতীয় সংকটের সময়ে স্বাস্থ্যসেবা হয়ে ওঠে সবার যৌথ দায়িত্ব।”