Published : 22 Jul 2026, 02:42 PM
বর্ষসেরা টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্বীকৃতিসহ তিন ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেয়েছে ওয়ালটন।
সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সঙ্গে মিলে এই পুরস্কার দিয়েছে বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ। বুধবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকসই নেট জিরো ইনিশিয়েটিভ এবং এনার্জি ইফিশিয়েন্সি প্রোগ্রামের জন্য সাশ্রয়ী ও ক্লিন এনার্জি ক্যাটাগরিতে ওয়ালটন অর্জন করেছে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬’।
“পাশাপাশি উৎপাদন প্রক্রিয়ায় টেকসই পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার এবং জলবায়ু সুরক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে ‘জলবায়ু ও পরিবেশ’ ক্যাটাগরিতেও ওয়ালটনকে পুরস্কার দেওয়া হয়।”
এছাড়া, বর্ষসেরা সবচেয়ে টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাটাগরিতেও পুরস্কার পাওয়ার তথ্য দিয়েছে ওয়ালটন।
গতবছর এ অ্যাওয়ার্ডের তৃতীয় আসরেও ওই ক্যাটাগরিতে ওয়ালটনের পুরস্কার পাওয়ার তথ্য দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
শনিবার সন্ধ্যায় ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত বর্ণাঢ্য আয়োজনে ওই পুরস্কার তুলে দেওয়া হয়।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. ইউসুফ আলী, জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন, শাহজালাল হোসেন লিমন, তানভীর আঞ্জুম ও প্রতীক কুমার মদক, প্রধান বিপণন কর্মকর্তা জোহেব আহমেদ এবং ইএইচএস অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান রাজুসহ কর্মকর্তারা পুরস্কারগুলো গ্রহণ করেন।