ঢাকা ইপিজেডে গুনজে ইউনাইটেডের ৪২৪ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু
৭২২টি সোলার প্যানেলের মাধ্যমে এ প্রকল্প এখন পূর্ণাঙ্গভাবে বিদ্যুৎ উৎপাদন করছে।
সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) নিজেদের কারখানায় ৪২৪ কিলোওয়াট ক্ষমতার রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করেছে গুনজে ইউনাইটেড লিমিটেড।
মঙ্গলবার ঢাকা ইপিজেডে কোম্পানির কারখানা প্রাঙ্গণে প্রকল্পটির উদ্বোধন ও কমিশনিং করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গুনজে ইউনাইটেড।
সেখানে বলা হয়, প্রকল্পটিতে ৭২২টি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। প্রকল্পটি এখন পূর্ণাঙ্গভাবে বিদ্যুৎ উৎপাদন করছে।
কারখানার ছাদ ব্যবহার করে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন এবং প্রচলিত বিদ্যুৎ উৎসের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যেই প্রকল্পটি নেওয়া হয়েছে বলে জানিয়েছে গুনজে ইউনাইটেড।
ইউনাইটেড গ্রুপের পরিচালক খন্দকার জায়েদ আহসান, গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর খন্দকার সাইদুল ইসলাম এবং গুনজে ইউনাইটেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিতোশি মোরি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাপানের গুনজে লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে সাভার ডিইপিজেডে প্রতিষ্ঠিত গুনজে ইউনাইটেড লিমিটেড সেলাই সুতা উৎপাদন ও বাজারজাত করে।
