Published : 30 Jan 2026, 01:51 AM
আন্তর্জাতিক প্লাস্টিক, প্যাকেজিং ও প্রিন্টিং শিল্প মেলার দ্বিতীয় দিনে এ দুই খাতের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে দুটি সেমিনারে আলোচনা করেছেন খাত সংশিষ্টরা।
বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলমান ১৮তম এ মেলার দ্বিতীয় দিনে সেমিনার দুটি অনুষ্ঠিত হয়।
উভয় সেমিনারে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা, রপ্তানিকারক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে আয়োজকরা।
বুধবার শুরু হওয়া এ মেলা চলবে শনিবার পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকার কথা বলেছেন আয়োজকরা ।
চার দিনের মেলায় চীন, তুরস্ক, ভিয়েতনাম, তাইওয়ান, যুক্তরাজ্যসহ ১৮টি দেশের ৩৯০টির বেশি ব্র্যান্ডের প্রায় ৮০০টি স্টল অংশগ্রহণ করেছে।
মেলায় প্লাস্টিকের গৃহস্থালি পণ্য, প্যাকেজিং সামগ্রী, প্লাস্টিক মোল্ড, ফার্মাসিউটিক্যাল পণ্য, প্লাস্টিক যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।
প্লাস্টিক প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (পিপিবিপিসি), এসএমই ফাউন্ডেশন ও বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) যৌথভাবে এ দিন মেলায় প্লাস্টিক ও প্যাকেজিং শিল্পের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে দুটি সেমিনার আয়োজন করে।
'প্যাকেজিং খাতে রপ্তানি সম্ভাবনা ও সম্ভাব্য পণ্য চিহ্নিতকরণ' শীর্ষক প্রথম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সহকারী অধ্যাপক ওয়াসেল বিন শাদাত।
'এসএমই প্রবৃদ্ধি কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে প্লাস্টিক খাত উন্নয়ন নীতি' শীর্ষক দ্বিতীয় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রিন ওয়াচ কনসালট্যান্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. এলিয়াস হোসেন।
এতে প্যানেল আলোচনায় অংশ নেন বুয়েটের আইপিই বিভাগের অধ্যাপক এ কে এম মাসুদ ও এফএম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি মো. গাজী তৌহিদুর রহমান।