কমিউনিটি ব্যাংক ও নগদের চুক্তি
চুক্তির ফলে প্রবাসীদের পাঠানো অর্থ নগদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মুহূর্তেই গ্রাহকের হাতে পৌঁছাবে, বলছে নগদ কর্তৃপক্ষ।
রেমিটেন্স ও ফান্ড ট্রান্সফারসহ অন্যান্য ডিজিটাল আর্থিক সেবা দিতে কমিউনিটি ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে মোবাইলে আর্থিক লেনদেন সেবা কোম্পানি নগদ।
বৃহস্পতিবার গুলশানে পুলিশ প্লাজায় কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি সই হয়েছে বলে নগদের সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ ও কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন চুক্তি সই করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “চুক্তির ফলে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে আসা রেমিটেন্স নগদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে প্রবাসীদের স্বজনদের কাছে সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। প্রবাসীদের পাঠানো অর্থ নগদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মুহূর্তেই গ্রাহকের হাতে পৌঁছাবে। প্রান্তিক পর্যায়ে থাকা প্রবাসীদের স্বজনরা নির্বিঘ্নে রেমিটেন্স তোলার সুযোগ পাবেন।”
অনুষ্ঠানে মোতাছিম বিল্লাহ বলেন, “যেকোনো দেশের জন্যই প্রথাগত ব্যাংকিং পরিচালনা বেশ ব্যয়বহুল। ডিজিটাল লেনদেন যত বাড়বে, প্রতিষ্ঠানগুলোর পরিচালন খরচ তত কমবে।”
মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, “ন্যানো লোন ও মাইক্রো ডিপিএসসহ গ্রাহকদের সম্ভাব্য সব ধরনের ডিজিটাল সেবা যৌথভাবে দিতে চায় দুই প্রতিষ্ঠান। এই চুক্তি শুধু সমঝোতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্পর্ক ও বন্ধন আরও সুদৃঢ় হবে।”
