২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পিএমওএস সচেতনতায় ঢাকায় বৈজ্ঞানিক কর্মশালা

এন্ডোক্রাইনোলজিস্ট, গাইনোকোলজিস্ট, প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Sep 2026, 02:50 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

বিশ্ব পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিন্ড্রোম (পিএমওএস) সচেতনতা মাস উপলক্ষে রাজধানীতে দিনব্যাপী বৈজ্ঞানিক কর্মশালা করেছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির (বিইএস) পিএমওএস টাস্কফোর্স ও বিডি ফিজিশিয়ানস।

শুক্রবার রাজধানীর হোটেল হলিডে ইনে এ কর্মশালা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, পিএমওএস একটি জটিল হরমোনজনিত সমস্যা, যা নারীর এন্ডোক্রাইন, মেটাবলিক ও প্রজনন স্বাস্থ্যের ওপর বহুমাত্রিক প্রভাব ফেলতে পারে। রোগটির প্রাথমিক শনাক্তকরণ, সঠিক ব্যবস্থাপনা এবং চিকিৎসকদের আধুনিক চিকিৎসাজ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এন্ডোক্রাইনোলজিস্ট, গাইনোকোলজিস্ট, প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা অংশ নেন।

দিনব্যাপী আয়োজনে পিএমওএসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে পাঁচটি বিশেষায়িত বৈজ্ঞানিক সেশন, বিশেষজ্ঞ প্যানেল আলোচনা ও বৈজ্ঞানিক উপস্থাপনা হয়। চিকিৎসকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ছিল ইন্টারঅ্যাকটিভ কুইজ ও সনদ বিতরণ পর্ব।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ডা. ফারিয়া আফসানা, সভাপতি (ইলেক্ট) ডা. শাহজাদা সেলিম, সাধারণ সম্পাদক ডা. এম সাইফুদ্দীন, পিএমওএস টাস্কফোর্সের আহ্বায়ক ডা. মারুফা মোস্তারী ও বিইএস’র কোষাধ্যক্ষ ডা. মির্জা শরীফুজ্জামান। 

সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলা এ কর্মশালা পরিচালনা করেন ডা. আজিমুননেছা ও ডা. আহমেদ ইফরাদ বিন রওনাক। এ আয়োজনে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল এসিআই ডায়াবেটিস কেয়ার।