Published : 31 Jul 2025, 09:04 PM
পণ্য সরবরাহের দায়িত্বে থাকা ব্যক্তিদের (ডেলিভারি পার্টনার) স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বিনামূল্যে হেলথ ক্যাম্প করেছে ফুডপ্যান্ডা বাংলাদেশ।
এ উদ্যোগে সহযোগিতা করেছে এআইনির্ভর স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম মেডএআইয়ের সহযোগী প্রতিষ্ঠান ‘আমার ডক্টর’।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে কোম্পানিটি।
এতে বলা হয়, সম্প্রতি ফুডপ্যান্ডার খিলগাঁও হাবে অনুষ্ঠিত এ হেলথ ক্যাম্পে অংশ নেওয়া ডেলিভারি পার্টনারদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ ও পালস চেক, শরীরের তাপমাত্রা ও অক্সিজেন স্যাচুরেশন পরিমাপ, বিএমআই (বডি মাস ইনডেক্স) নির্ণয় করা, ফুসফুসের কার্যক্ষমতা মূল্যায়নের জন্য পিক ফ্লো টেস্ট এবং ইউরিন টেস্টের এর মতো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরে চিকিৎসকরা ব্যবস্থাপত্র দেন।
এছাড়া ক্যাম্পে অংশগ্রহণকারী রাইডারদের জন্য একটি কুইজ আয়োজন করা হয়। এতে সঠিক উত্তরদাতা ডেলিভারি পার্টনারদের দেওয়া হয় বিশেষ উপহার।
ফুডপ্যান্ডার হেড অব লজিস্টিকস মুকিতুর খান বলেন, “ডেলিভারি পার্টনাররা ফুডপ্যান্ডার মূল চালিকাশক্তি। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করলেও তাদের সুস্থতা ও কল্যাণের বিষয়টিকে আমরা আমাদের দায়িত্ব বলেই বিবেচনা করি। আমাদের এ প্রতিশ্রুতির অংশ হিসেবেই হেলথ ক্যাম্পটি আয়োজন করা হয়েছে। এ উদ্যোগে সহযোগিতার জন্য আমরা মেডএআইয়ের প্রতি কৃতজ্ঞ।”
‘প্যান্ডাহার্টস’ কর্মসূচির আওতায় রাইডারদের কল্যাণে সুরক্ষা, স্বাস্থ্য ও সুস্থতা, দক্ষতা উন্নয়ন, কমিউনিটি এনগেজমেন্ট এবং ওয়েলফেয়ার এর মতো পাঁচটি প্রধান ক্ষেত্রে কাজ করছে ফুডপ্যান্ডা।
এর আগে গুলশান হাবেও এ ধরনের হেলথ ক্যাম্প আয়োজন করে ফুডপ্যান্ডা।