Published : 10 Sep 2026, 08:26 PM
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের প্রধান দপ্তর পরিদর্শন করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
সেখানে ওয়ালটনের উৎপাদন কার্যক্রম ও সোলার পাওয়ার প্ল্যান্ট ঘুরে দেখেন বলে ওয়ালটন কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ওয়ালটনের তৈরি বিভিন্ন প্রযুক্তি পণ্যে সজ্জিত ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন মন্ত্রী। পরে তিনি অত্যাধুনিক এসএমটি (সারফেস মাউন্ট টেকনোলজি) মেশিনে পিসিবি বা মাদারবোর্ড উৎপাদন কার্যক্রমসহ বিভিন্ন পণ্যের উৎপাদনপ্রক্রিয়া ঘুরে দেখেন। এ ছাড়া ওয়ালটন সদর দপ্তরে স্থাপিত দেশের সর্ববৃহৎ ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেন।
বিজ্ঞপ্তিতে মন্ত্রীর বক্তব্যে বলা হয়, “খুচরা যন্ত্রাংশ থেকে শুরু করে ওয়ালটন সম্পূর্ণ ফিনিশড পণ্য উৎপাদন করছে। ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব যেমন উন্নত, তেমনি দামের দিক থেকেও সাশ্রয়ী।
“বিপুল কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয়ভাবে প্রযুক্তিপণ্য উৎপাদনের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রাও সাশ্রয় করছে ওয়ালটন।”