Published : 18 May 2026, 09:07 PM
দুটি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ট্রাস্ট ব্যাংক।
এসব স্কিমের আওতায় উদ্যোক্তারা ৭ শতাংশ সুদ হারে ঋণ নিতে পারবেন।
সোমবার ট্রাস্ট ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনঃঅর্থায়ন স্কিমগুলোর আওতায় বাংলাদেশ ব্যাংক সিএমএসএমই ক্লাস্টার উন্নয়নের লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের বিকাশে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল গঠন করেছে।
“এই পুনঃঅর্থায়ন স্কিমগুলোতে অংশগ্রহণের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক দেশের উদ্যোক্তা উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।”
ট্রাস্ট ব্যাংকের পক্ষে চুক্তিতে সই করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহসান জামান চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের পক্ষে সই করেন নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এবং এসএমই অ্যান্ড এসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। একই অনুষ্ঠানে ২৪টি ব্যাংক ও পাঁচটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একই ধরনের চুক্তিতে স্বাক্ষর করেন।