Published : 30 Jul 2026, 12:57 PM
এনআরবি ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আনোয়ার উদ্দিন।
একই সঙ্গে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা (এএমডি অ্যান্ড সিবিও) হিসেবে ব্যাংকটিতে যোগ দিয়েছেন কিমিয়া সাদাত।
বুধবার পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে এনআরবি ব্যাংক।
প্রায় চার দশকের ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে আনোয়ার উদ্দিন ১৯৮৭ সালে এনসিসি ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে তিনি সাউথইস্ট ব্যাংকে যোগ দেন এবং বিভিন্ন দায়িত্ব পালন শেষে উপব্যবস্থাপনা পরিচালক হন।
সাউথইস্ট ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি করপোরেট ব্যাংকিং, পোর্টফোলিও ব্যবস্থাপনা, ঋণ বিপণন ও প্রশাসন, আন্তর্জাতিক বাণিজ্য, ঝুঁকি ব্যবস্থাপনা, কৌশলগত ব্যবস্থাপনা, নিয়ন্ত্রক প্রতিপালন, অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল/সিএফটি), মানবসম্পদ ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেন।
পরে তিনি এনআরবি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। নেতৃত্ব, দক্ষতা এবং ব্যাংকের উন্নয়নে ভূমিকার স্বীকৃতিতে তাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেওয়ার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
অন্যদিকে ২৯ জুলাই থেকে এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন কিমিয়া সাদাত।
দুই দশকের বেশি সময়ের ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে তার। করপোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, অফশোর ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ব্যবসা, ট্রেড সার্ভিসেস, সাপ্লাই চেইন ফাইন্যান্স, ক্যাশ ম্যানেজমেন্ট, এজেন্ট ব্যাংকিং, রিকভারি ও রিস্ট্রাকচারিং, লিজ ফাইন্যান্স এবং ইসলামি ব্যাংকিংয়ে কাজের অভিজ্ঞতাও রয়েছে।
এনআরবি ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ওই সময় ব্যবসায়িক প্রবৃদ্ধি, ডিজিটাল রূপান্তর, সুশাসন এবং পরিচালন দক্ষতা বৃদ্ধির পাশাপাশি খেলাপি ঋণের হার নিম্ন পর্যায়ে রাখতে তিনি ভূমিকা রাখেন।
এর আগে মেঘনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি ব্যাংকটির ব্যবসায়িক সম্প্রসারণ ও কৌশলগত রূপান্তরে ভূমিকা রাখেন। এছাড়া এইচএসবিসি বাংলাদেশ, দ্য সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মেঘনা ব্যাংক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এবং জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন কিমিয়া সাদাত।
করপোরেট দায়িত্বের পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে খণ্ডকালীন শিক্ষকতা করেন।