Published : 30 Nov 2025, 10:12 PM
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২০২৬ সালের স্প্রিং সেমিস্টারের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।
চারটি স্কুলে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য শনিবার ৭ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সে শিক্ষার্থী ভর্তি করছে এনএসইউ।
উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “আমাদের ওপর আস্থা রেখে এনএসইউতে আসায় আমি এনএসইউর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এনএসইউ দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। এখানে বিশ্বমানের অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা রয়েছে।
“এনএসইউতে আমরা ব্যতিক্রমধর্মী পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিয়ে থাকি। আমি আশা করি, এনএসইউর সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে নতুন শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশের অগ্রগতিতেও ভূমিকা রাখবে।”
নর্থ সাউথ ইউনিভার্সিটির আন্ডারগ্র্যাজুয়েট অ্যাডমিশনস অফিসের পরিচালক অধ্যাপক নুরুল কবির বলেন, “এনএসইউ’র ভর্তি পরীক্ষা অত্যন্ত প্রতিযোগিতামূলক। এজন্য অনেকে ভর্তির সুযোগ পাবে, অনেকেই সুযোগ পাবে না। এবার যারা অকৃতকার্য হবে, আগামী সেমিস্টারে তাদের জন্য আবারও এনএসইউতে ভর্তির সুযোগ থাকবে।”
এনএসইউ’র কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান, এনএসইউ’র রেজিস্ট্রার আহমেদ তাজমীন, এনএসইউ’র প্রক্টর আবদুল খালেক সহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএসইউ অ্যাডমিশন অফিস বলছে, দ্রুততম সময়ে তারা ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করতে চায়। ফলাফলের জন্য এনএসইউর অফিসিয়াল ওয়েবসাইট দেখার অনুরোধ করা হয়েছে।