Published : 06 Oct 2025, 06:50 PM
আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবায় অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি করেছে সীমান্ত ব্যাংক।
‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্রেডিট গ্যারান্টি স্কিমের’ আওতায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি হয় বলে সোমবার সীমান্ত ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, এই চুক্তির আওতায় ক্ষুদ্র আমানতকারী, যেমন ১০ বা ৫০ বা ১০০ টাকার হিসাবধারী, প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণের বিপরীতে গ্যারান্টি সুবিধা পাবেন।
প্রথাগত ব্যাংকিং ব্যবস্থায় পর্যাপ্ত জামানত না থাকায় যারা ঋণ নিতে সমস্যায় পড়েন, এ উদ্যোগ তাদের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা ব্যাংক কর্তৃপক্ষের।
চুক্তিতে কেন্দ্রীয় ব্যাংকের ‘ক্রেডিট গ্যারান্টি’ বিভাগের পরিচালক মুহাম্মদ নাজমুল হক এবং সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ আজিজুল হক সই করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম, ‘ক্রেডিট গ্যারান্টি’ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইমাম হোসেন, অতিরিক্ত পরিচালক জোবায়দা আফরোজ ও সীমান্ত ব্যাংকের এসএমই ব্যাংকিংয়ের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সঞ্জয় পাল উপস্থিত ছিলেন।