Published : 29 Jun 2026, 07:04 PM
ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সেকেন্ড স্টুডিও ফিচারিং: বেস্ট শো এভারেস্ট’ শিরোনামের অ্যানিমেশন প্রদর্শনীতে অংশ নিয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়টির জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের অ্যানিমেশন ট্র্যাক ও জার্নালিজম প্রোগ্রামের শিক্ষার্থীরা বৃহস্পতিবার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
‘দ্য সেকেন্ড স্টুডিও’ আয়োজিত এ প্রদর্শনীতে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
প্রদর্শনীতে অ্যানিমেশন প্রোডাকশনের বিভিন্ন ধাপের বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়। এতে শিক্ষার্থীরা প্রি-প্রোডাকশন পর্যায়ের আইডিয়া ডেভেলপমেন্ট, স্ক্রিপ্ট রচনা, ব্রেইনস্টর্মিং, চরিত্র ও পরিবেশ নকশা, স্টোরিবোর্ড এবং অ্যানিমেটিকস সম্পর্কে ধারণা পান।
পাশাপাশি প্রোডাকশন পর্যায়ে অ্যানিমেশন ও ভিজ্যুয়াল অ্যাসেট তৈরির প্রক্রিয়া এবং পোস্ট-প্রোডাকশনের কম্পোজিটিং, সম্পাদনা, সাউন্ড ডিজাইন ও অডিও নিয়ে বিভিন্ন ধাপও তারা সরাসরি পর্যবেক্ষণ করেন। চূড়ান্ত অ্যানিমেটেড কাজের পাশাপাশি নির্মাণের প্রতিটি ধাপের উপকরণ প্রদর্শনের মাধ্যমে একটি মানসম্মত অ্যানিমেশন ˆতরির পূর্ণাঙ্গ প্রক্রিয়া তুলে ধরা হয় প্রদর্শনীতে।