Published : 12 Aug 2026, 11:41 PM
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর সৃজনশীল কনটেন্ট নির্মাতাদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রথমবারের মত শুরু হয়েছে ‘প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতা।
প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় স্পাইকস্টোরি লিমিটেডের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে বুধবার প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
আয়োজকদের ভাষ্য, এ প্রতিযোগিতার মাধ্যমে এআই ব্যবহারে তরুণদের সৃজনশীল চিন্তা, গল্প বলার দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি হবে। একইসঙ্গে এআই ক্রিয়েটর, পেশাজীবী, প্রযুক্তি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলোর মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করাও এ আয়োজনের লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত সৃজনশীল শিল্পের ধরন পরিবর্তন করছে। বিজ্ঞাপন, অ্যানিমেশন, মিউজিক ভিডিও থেকে শুরু করে ফ্যাশনসহ সৃজনশীলতার প্রায় প্রতিটি ক্ষেত্রেই এআই সহযোগিতা করছে।”
তরুণ প্রজন্মকে এ প্রযুক্তির সঙ্গে যুক্ত করা এবং সম্ভাবনাময় এআই ক্রিয়েটরদের জাতীয় প্ল্যাটফর্মে নিয়ে আসা এ প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।
স্পাইকস্টোরি লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা হোসেন আল ফারাবি বলেন, “এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা এমন তরুণদের খুঁজে বের করতে চাই, যারা এআই ব্যবহার করে নতুন ও সৃজনশীল কিছু তৈরি করতে পারবেন।”
দীর্ঘমেয়াদে এআই ক্রিয়েটর কমিউনিটি গড়ে তোলার পরিকল্পনার কথাও বলেন তিনি।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় চারটি বিভাগে অংশ নেওয়া যাবে- এআই বিজ্ঞাপন, ফিল্ম, মিউজিক ভিডিও ও ফ্যাশন। আগ্রহীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে সৃজনশীল কাজ জমা দিতে হবে।
প্রতিযোগিতার পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মশালার আয়োজন করা হবে। এসব কর্মশালায় শিক্ষার্থীদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং, স্টোরিটেলিংসহ এআইভিত্তিক সৃজনশীল কনটেন্ট নির্মাণের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রাথমিক বাছাই শেষে প্রতিটি বিভাগ থেকে ১২ জন করে ফাইনালিস্ট নির্বাচন করা হবে। নির্বাচিতদের নিয়ে আয়োজন করা হবে দুই দিনের ‘প্রিজম এআই বুটক্যাম্প’। সেখানে এআই টুলস, ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি, স্টোরিটেলিং ও প্রম্পট ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
অক্টোবরে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পাশাপাশি ‘প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। এ আয়োজনে এআই, সৃজনশীলতা, প্রযুক্তি ও শিল্পখাতের বিভিন্ন অংশীজনকে একই প্ল্যাটফর্মে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
চারটি বিভাগের প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীসহ অন্যান্য বিজয়ীদের জন্য মোট ১০ লাখ টাকা নগদ পুরস্কার এবং অন্যান্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে।
প্রতিযোগিতায় সহযোগিতা করছে দ্য ডেইলি স্টার, সিবস সল্যুশন, আস্থা আইটি, টেন মিনিট স্কুল, মেরুন ইন-করপোরেশন, এলেফ গ্রুপ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, এআই ভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিই সেন্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে স্পাইকস্টোরি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইমুম হোসেন, আস্থা আইটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হাসনাইন রিজভী রহমান, সিবস সল্যুশনের প্রতিষ্ঠাতা হাসিব হাসান চৌধুরীসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।