Published : 07 Jul 2026, 07:37 PM
বাংলাদেশ আনসার ও ভিডিপির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে গ্রামীণফোন।
ঢাকার খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদর দপ্তরে পাঁচ বছরের জন্য এ চুক্তি সই হয়েছে।
আনসার ও ভিডিপির ডিরেক্টর (অপারেশনস) মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী ও গ্রামীণফোনের হেড অব গভর্মেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস নুরুল ফেরদৌস মুসান্না সমঝোতা স্মারকে সই করেন।
গ্রামীBফোনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অংশীদারত্ব প্রযুক্তি ও সংযোগকে কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার, পরিচালনগত দক্ষতা বাড়ানো এবং আনসার ও ভিডিপির চলমান ডিজিটাল রূপান্তরের অগ্রগতিতে অবদান রাখতে এ চুক্তি স্বাক্ষর হয়েছে।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “যৌথভাবে আমাদের লক্ষ্য পরিচালনগত সক্ষমতা জোরদার করা, দক্ষতা বাড়ানো এবং আরো স্মার্ট ও প্রযুক্তি নির্ভর সেবা চালু করা, যা বাংলাদেশের মানুষের জন্য টেকসই সুবিধা নিশ্চিত করবে।”
আনসার ও ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, “যেহেতু বাংলাদেশ আনসার ও ভিডিপি ক্রমাগত আধুনিকায়ন ও পরিচালনগত দক্ষতার দিকে মনযোগ দিয়েছে, তাই ভবিষ্যতের পথচলার অন্যতম চালিকাশক্তি হচ্ছে প্রযুক্তি। ডিজিটাল সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে গ্রামীণফোনের সঙ্গে এই পার্টনারশিপ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
চুক্তি সই অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) আসিফ নাইমুর রশীদ, হেড অব ল এনফোর্সমেন্ট এজেন্সিস বিজনেস হেলাল উদ্দিন আহমেদ, গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেসের কি অ্যাকাউন্ট ম্যানেজার কাজী নুসরাত, গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেসের স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার আরমান সিকদার, আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, উপমহাপরিচালক (অ্যাডমিনিস্ট্রেশন) কর্নেল বায়জিদ মোহাম্মদ তারেক জুনায়েদ, উপ মহাপরিচালক (ট্রেনিং) মো. রফিকুল ইসলাম, উপপরিচালক (কমিউনিকেশন) কাউসার জাহান উপস্থিত ছিলেন।