Published : 31 Aug 2026, 10:12 PM
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) উচ্চশিক্ষা নিয়ে কর্মশালা হয়েছে।
সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে রোববার কর্মশালা আয়োজন করে ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল’ (আইকিউএসি)।
‘উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন বিষয়ক জ্ঞান বিনিময়’ শিরোনামে এ কর্মশালা হয়েছে।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক মো. আখতার হোসেন খান কর্মশালায় বলেন, আগামী দিনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মানের জন্য অ্যাক্রেডিটেশনের গুরুত্ব অপরিসীম। অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া নিয়ে শঙ্কিত না হয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম, অর্জন ও প্রাতিষ্ঠানিক তথ্য-উপাত্ত সুশৃঙ্খলভাবে নথিবদ্ধ করার ওপর তিনি জোর দেন।
ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, স্থানীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে বৈশ্বিক মানদণ্ড মেনে পরিচালিত হওয়া জরুরি।
কর্মশালায় বিএসি এবং ডিআইইউ এর কর্মকর্তারা অ্যাক্রেডিটেশন, মানদণ্ড নির্ণয়, প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ও সুশৃঙ্খল নথিপত্র সংরক্ষণের ওপর দিকনির্দেশনা দেন।
ডিআইইউ উপাচার্য অধ্যাপক এম আর কবির কর্মশালায় সভাপতিত্ব করেন।