Published : 07 Sep 2026, 07:01 PM
বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে সিটি ব্যাংক।
সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এ বৈঠক হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আইটিএফসির প্রতিনিধি দলের নেতৃত্বে দেন প্রধান নির্বাহী কর্মকর্তা আদিব ইউসুফ আল আমা। সিটি ব্যাংকের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৈঠকে উভয় পক্ষই ‘ক্ষমতাশালী কৌশলগত অংশীদারত্ব’ পুনর্ব্যক্ত করেছে। রপ্তানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন ও ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য লেনদেন সম্প্রসারণের সুযোগসহ আরও সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো আলোচনা হয়েছে।
“সিটি ব্যাংক ২০১৯ সাল থেকে আইটিএফসির সঙ্গে ‘শক্তিশালী ও ফলপ্রসূ’ সম্পর্ক বজায়ে রেখেছে। বর্তমানে আইটিএফসির সঙ্গে ৪ কোটি ডলারের একটি মুরাবাহা অর্থায়ন সুবিধা চালু আছে, যার মধ্যে ১ কোটি ডলারের একটি সিন্ডিকেটেড সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।”