২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

এভিয়েশন পেশা নিয়ে ইউএপি-এভিয়ানোমিক্সের সেমিনার

সেমিনারে ইউএপি ও এভিয়ানিমিক্স কর্তৃপক্ষ একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তির ঘোষণা দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 07:59 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

দেশে এভিয়েশন খাতের সম্ভাবনা ও তরুণ শিক্ষার্থীদের কর্মজীবন গঠনের সুযোগের বিষয়ে নির্দেশনা তুলে ধরতে সেমিনার হয়েছে।

ঢাকার ফার্মগেটে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) মিলনায়তনে এ সেমিনার হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

‘বাংলাদেশে এভিয়েশন পেশা- সুযোগ, ক্রমবিকাশ ও কর্মজীবনের পথ’ শিরোনামে এ সেমিনার আয়োজন করে ইউএপি ও এভিয়ানোমিক্স।

সেমিনারে এভিয়ানোমিক্সের প্রতিষ্ঠাতা ও সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, “বাংলাদেশের বিমান চলাচল খাত বর্তমানে দ্রুত বিকশিত হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিকীকরণ এবং ড্রোন প্রযুক্তির বিকাশ এই খাতে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। বিমান চালক ও কেবিন ক্রু ছাড়াও বিমান চলাচল প্রকৌশলী, তথ্য বিশ্লেষক, আকাশপথ নিয়ন্ত্রক এবং নিরাপত্তা ব্যবস্থাপকদের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।”

ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি কে এম মোজিবুল হক বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু তাত্ত্বিক জ্ঞান যথেষ্ট নয়। ইউএপি শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা ও শিল্প-উপযোগী করে তুলতে এভিয়ানোমিক্সের মতো অভিজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। আমাদের লক্ষ্য আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ নিশ্চিত করা।”

তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণে সেমিনারে প্রশিক্ষণ ও বৃত্তি, আন্তর্জাতিক সনদপত্র এবং বিমান চলাচল শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। ইউএপি ও এভিয়ানিমিক্স কর্তৃপক্ষ একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তির ঘোষণাও দেন।

ইউএপি ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া সেমিনারে উপস্থিত ছিলেন।