Published : 04 Aug 2026, 11:23 PM
আন্তর্জাতিক অর্থ লেনদেনকে আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর করতে ‘সুইফট স্কিম’ নামে আন্তঃদেশীয় পেমেন্ট কাঠামো চালু করেছে সিটি ব্যাংক।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, জার্মানি, ভারত, স্পেন, থাইল্যান্ড, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৭টি দেশের ৫০টির বেশি ব্যাংক এ উদ্যোগ বাস্তবায়নে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
বাংলাদেশ থেকে প্রথম এবং একমাত্র ব্যাংক হিসেবে সিটি ব্যাংক গত ফেব্রুয়ারিতে সুইফটের এ উদ্যোগে যুক্ত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সুইফট স্কিম’ আন্তঃসীমান্ত অর্থ লেনদেনের একটি নতুন কাঠামো, যার লক্ষ্য ব্যক্তি গ্রাহক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করা।
এ ব্যবস্থার মাধ্যমে লেনদেনের পুরো অর্থ প্রাপক পাওয়ার নিশ্চয়তা, শুরুতেই খরচ সম্পর্কে স্পষ্ট ধারণা, লেনদেনের স্বচ্ছতা, অর্থের অবস্থান অনুসরণ (ট্র্যাকিং) এবং ২৪ ঘণ্টা সেবা পাওয়ার সুবিধা থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন ব্যাংক ২০২৬ সালের জুন থেকে এ সেবা চালু করেছে। এর মাধ্যমে জি-২০ নির্ধারিত আন্তঃদেশীয় অর্থ লেনদেনের গতি ও স্বচ্ছতার লক্ষ্য পূরণের পাশাপাশি গোপন বা অতিরিক্ত ফি কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সিটি ব্যাংক জানায়, গত ২২ জুন তারা প্রথম আন্তর্জাতিক লেনদেনটি এক মিনিটে এবং দ্বিতীয়টি ৫৭ সেকেন্ডে সম্পন্ন করে।
পরদিন ২৩ জুন ব্যাংকটি ‘গেটওয়ে ইন্টারমিডিয়ারি’ হিসেবে ভারতের এইচডিএফসি ব্যাংকের সঙ্গে সমন্বয় করে ভারত থেকে পাঠানো একটি আন্তঃদেশীয় অর্থ লেনদেন বাংলাদেশের অন্য একটি স্থানীয় ব্যাংকে সফলভাবে পৌঁছে দেয়।