০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

অনলাইন জুয়া প্রতিরোধে বিকাশের বিশেষ প্রচারণা

সিআইডি, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যৌথভাবে এ প্রচারণা চালাচ্ছে এমএফএস কোম্পানিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 11:28 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

অনলাইন জুয়া প্রতিরোধে তরুণ প্রজন্মকে সচেতন করতে ‘বিশেষ ক্যাম্পেইন’ পরিচালনা করছে মোবাইল আর্থিক সেবা (এমএফএস) কোম্পানি বিকাশ।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ বলেছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যৌথভাবে তারা এ প্রচারণা চালাচ্ছে।

প্রচারের অংশ হিসেবে অনলাইন জুয়ার ক্ষতিকর সামাজিক ও আর্থিক প্রভাব তুলে ধরে সচেতনতামূলক বিজ্ঞাপন নির্মাণ করা হয়। এতে জুয়া খেলার অপরাধে দুই বছর পর্যন্ত জেল ও এক কোটি টাকা পর্যন্ত জরিমানা, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের মত বিষয়গুলোকে সামনে আনা হয়েছে। টিভি, সংবাদপত্রসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনটি প্রচার করা হচ্ছে। 

বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম বলেন, ‘‘আর্থিক খাতের প্রতিষ্ঠান হিসেবে দায়বদ্ধতা থেকেই বাংলাদেশ ব্যাংক ও সিআইডির সঙ্গে যৌথভাবে এই ক্যাম্পেইন পরিচালনা করছি আমরা। আর্থিক খাতে নিরাপদ লেনদেনকে উৎসাহিত করতে সারাবছরই আমাদের এমন অসংখ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’’

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, “প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে অনলাইন জুয়ায় আসক্তি দেখা যাচ্ছে। অনেকে ভাবেন, অনলাইনে জুয়া খেলছেন এটা কেউ জানবে না বা তাকে খুঁজে বের করা যাবে না। তবে সবকিছুরই প্রমাণ থেকে যায়। আইনের কঠোর বিধানগুলো আবারও মনে করিয়ে দিতেই যৌথভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিজেদের নিরাপদ রাখতে সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে।’’