Published : 19 Apr 2026, 12:50 AM
সহকর্মীদের মাঝে সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক চিন্তাভাবনার বিকাশে তাদের লেখা নিয়ে ‘কথামালা’ নামের একটি সাহিত্য সাময়িকী প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক।
নিজেদের অভ্যন্তরীণ সাহিত্য সাময়িকীটির মাধ্যমে ব্যাংকটির সহকর্মীরা ছোটগল্প, কবিতা, প্রবন্ধ,স্মৃতিকথা, ভ্রমণকাহিনী এবং অন্যান্য সাহিত্যধারার মাধ্যমে নিজেদের অভিব্যক্তি তুলে ধরতে পারেন বলে শনিবার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, প্রতি চার মাস পর এটি প্রকাশিত হবে।
বিজ্ঞপ্তিতে ব্যাংকটির দাবি, ব্যাংকিং খাতে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম, যা কর্মক্ষেত্রে গল্পবলার দক্ষতা, ব্যতিক্রমী চিন্তা এবং শিল্প-সাহিত্যের চর্চা লালন করার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারকে তুলে ধরেছে।
এর আগে ব্যাংকটির অভ্যন্তরীণ প্ল্যাটফর্ম ‘রিডিং ক্যাফের’ উদ্যোগে সহকর্মীদের লেখা নিয়ে অমর একুশে বইমেলায় ‘প্রতিস্বর’ নামের একটি বই প্রকাশিত হয়, যা পাঠকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছিল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
“এটি ছিল বাংলাদেশের কোনো ব্যাংকের রিডিং ক্লাব সদস্যদের লেখা প্রথম বই।”
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “কথামালা কেবল একটি সাহিত্য ম্যাগাজিনই নয়; এটি আমাদের সম্মিলিত বুদ্ধিবৃত্তিক চর্চা ও চিন্তাভাবনার প্রতিফলন।
"এই উদ্যোগ আমাদের সেই বিশ্বাসকেই তুলে ধরে যে, একটি আদর্শ কর্মপরিবেশ কেবল ব্যবসায়িক সাফল্য দিয়ে নয়, বরং সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশ দিয়েও সংজ্ঞায়িত হয়। আমরা এমন একটি কর্মপরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে আমাদের সহকর্মীরা পেশাগত ও ব্যক্তিগত–উভয় ক্ষেত্রেই উৎকর্ষ অর্জন করতে পারেন।”