Published : 15 Jul 2026, 05:55 PM
দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতিতে প্রায় ২০০টি দাতব্য সংস্থায় লেনদেনের ওপর সব ধরনের সার্ভিস চার্জ বা মাশুল মওকুফ করেছে মোবাইল আর্থিক সেবাদানকারী কোম্পানি নগদ।
বুধবার বিকেলে কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “মানুষের উদারতার সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে এসব লেনদেনের ওপর সব ধরনের সার্ভিস চার্জ বা মাশুল মওকুফ করেছে নগদ। এর ফলে অনুদানের শতভাগ টাকা নির্ধারিত দাতব্য সংস্থায় পৌঁছাবে। দাতা ব্যক্তিরা নগদ অ্যাপ ব্যবহার করে অথবা *১৬৭# ডায়াল করে সহজেই এই অনুদান দিতে পারবেন।
“নগদ অ্যাপের মাধ্যমে অনুদান দিতে গ্রাহককে ‘ডোনেশন’ আইকনটি ট্যাপ করতে হবে। এরপর পছন্দের পার্টনার বা সহযোগী সংস্থা ও অনুদানের পরিমাণ উল্লেখ করে পিন নম্বর দিয়ে লেনদেন সম্পন্ন করতে হবে। বিকল্প হিসেবে গ্রাহকেরা ইউএসএসডি কোড *১৬৭# ডায়াল করেও দান করতে পারবেন।
“এ ক্ষেত্রে ডায়াল করার পর অনুদান অপশনে গিয়ে পছন্দের দাতব্য সংস্থা ও অনুদানের পরিমাণ লিখে পিন নম্বরের মাধ্যমে লেনদেনটি নিশ্চিত করতে হবে।”
এই উদ্যোগ সম্পর্কে নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “প্রয়োজনের সময় নগদের গ্রাহকেরা যাতে সহজেই আরেকজন মানুষের পাশে দাঁড়াতে পারে, সে জন্য দেশের শীর্ষস্থানীয় সব দাতব্য সংস্থা আমাদের প্ল্যাটফর্মে যুক্ত রয়েছে। দান করার ক্ষেত্রে গ্রাহকের লেনদেনের ওপর কোনো রকম ফি বা চার্জও রাখা হয়নি। মানবতার ডাকে সাড়া দেওয়া প্রতিষ্ঠানগুলোকে সর্বতভাবে সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠান হিসেবে নগদ তার দায়িত্ব পালন করছে।”