১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এলপিজির আরেকটি জাহাজ নামাল ‘ফ্রেশ’

“নতুন যুক্ত হওয়া এলপিজি ক্যারিয়ারের ধারণক্ষমতা ২ হাজার মেট্রিক টন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Sep 2026, 09:50 PM

Updated : 17 Sep 2026, 02:55 AM

দুই হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন আরো একটি এলপিজি ক্যারিয়ার জাহাজ যুক্ত হলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাসে। 

শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এমজিআই বলছে, “দেশের ক্রমবর্ধমান তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) চাহিদা পূরণে পরিবহন সক্ষমতা আরও বাড়াতে প্রতিষ্ঠানটির বহরে যুক্ত হয়েছে নতুন একটি এলপিজি ক্যারিয়ার, যা দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

“নতুন যুক্ত হওয়া এলপিজি ক্যারিয়ার এমটি মারকেন্টাইল-৬৫ এর ধারণক্ষমতা ২ হাজার মেট্রিক টন। একই ধারণক্ষমতার আরও দুটি ক্যারিয়ারসহ ফ্রেশ এলপি গ্যাসের নিজস্ব বহরে এখন মোট তিনটি এলপিজি ক্যারিয়ার রয়েছে। তিনটি জাহাজের সম্মিলিত ধারণক্ষমতা ৬ হাজার মেট্রিক টন। এর ফলে এলপিজি পরিবহনে এমজিআইয়ের সক্ষমতা আরও বাড়বে এবং সারা দেশে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সহজ হবে।”

এমজিআইয়ের পরিচালক তানভীর মোস্তফা বলেন, “দেশের অভ্যন্তরীণ বাজারে নিরাপদ, কার্যকর ও নির্ভরযোগ্য এলপিজি সরবরাহ নিশ্চিত করতে ফ্রেশ এলপি গ্যাস প্রতিশ্রুতিবদ্ধ। দেশের ক্রমবর্ধমান এলপিজির চাহিদা পূরণ, সরবরাহ ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করা এবং দেশের জ্বালানি নিরাপত্তায় অবদান রাখতে আমরা পরিবহন ও লজিস্টিক সক্ষমতায় বিনিয়োগ অব্যাহত রাখব।”

নতুন এলপিজি ক্যারিয়ারটি কুতুবদিয়া অ্যাংকরেজ ও চট্টগ্রাম আউটার অ্যাংকরেজ থেকে আমদানি করা এলপিজি ফ্রেশ এলপি গ্যাসের মেঘনাঘাট ও মোংলা প্ল্যান্টে পরিবহনে ব্যবহার করা হবে। 

ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার আবু সায়েদ রাজা বলেন, “নতুন এলপিজি ক্যারিয়ার যুক্ত হওয়ায় সারা বছর নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে এলপিজি সরবরাহ সম্প্রসারণে আমাদের সক্ষমতা আরও বাড়বে।”