Published : 12 May 2026, 06:59 PM
গ্রীষ্মাকালীন সেমিস্টারের ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
মঙ্গলবার সাভারের বিরুলিয়ায় এ বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে নবীন বরণ অনুষ্ঠান হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। গত সেমিস্টারে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।
এ ছাড়া ‘অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স’ এর তত্ত্বাবধানে ‘ক্লাব রিক্রুটমেন্ট প্রোগ্রাম’ আয়োজন করা হয়। বিভিন্ন ক্লাবের বুথ থেকে শিক্ষার্থীরা তাদের পছন্দসই ক্লাবে সদস্য হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পান।
সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়টির পাঁচটি অনুষদের অ্যালামনাইদের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় পর্ব আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম আর কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে ভিডিওবার্তার মাধ্যমে শিক্ষার্থীদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান।