সড়ক দুর্ঘটনায় নিহত কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা দিল ‘নগদ’
নগদ বলছে, এসব বিক্রয় প্রতিনিধি নগদের সরাসরি কর্মী নন; তারা বিভিন্ন অঞ্চলে থাকা বিপণন কোম্পানি দ্বারা নিযুক্ত।
নড়াইলের একজন বিক্রয় প্রতিনিধি সেন্টু হাওলাদার, যিনি সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
তার পরিবারকে সাড়ে তিন লাখ টাকার জীবন বীমার চেক হস্তান্তর করেছে মোবাইল আর্থিক সেবা দেওয়া কোম্পানি— নগদ।
রোববার বীমা প্রতিষ্ঠান ওয়াদা ইনশিওরের প্রধান কার্যালয়ে নিহতের স্ত্রী সুমাইয়া ইসলাম ও তার পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেওয়া হয় বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগদ।
চেক হস্তান্তর করেন নগদে বাংলাদেশ ব্যাংকনিযুক্ত প্রশাসক মুতাসিম বিল্লাহ ও ওয়াদা ইনশিওরের সহযোগী পরিচালক ও প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) এসকে খালিদুজ্জামান।
ওয়াদা ইনশিওর ইনস্যুরেন্সের পার্টনার চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আসিফ শামসও উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক মো. হাবিবুর রহমান, চিফ কমার্সিয়াল অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহীন সরওয়ার ভূইয়াসহ ওয়াদা ইনশিওর এবং চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "বিক্রয় প্রতিনিধিরা নগদের সরাসরি কর্মী না; তারা বিভিন্ন অঞ্চলে থাকা বিপণন প্রতিষ্ঠানের দ্বারা নিযুক্ত। তারপরও নগদ মনে করে, পরোক্ষকর্মী হলেও এই দায়িত্ব নগদের ওপরেও বর্তায়। সেই দায়বদ্ধতার জায়গা থেকে নগদ সব সময় এই কর্মীদের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।"
