১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বাংলা কিউআর’ ধর্মীয় প্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে ইসলামী ব্যাংকের সভা

“অনেক চ্যালেঞ্জের মধ্যেও গ্রাহকদের আস্থা ও সহযোগিতায় ব্যাংকটি এগিয়ে যাচ্ছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 06:22 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ‘বাংলা কিউআর’ ছড়িয়ে দিতে আলেমদের নিয়ে মতবিনিময় সভা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।

শনিবার রাজধানীর একটি হোটেলে এ সভার আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী।

বক্তব্যে তিনি বলেন, “প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আর্থিক লেনদেনেও পরিবর্তন এসেছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে এ পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত করা সময়ের দাবি।”

বাংলা কিউআরের মতো সহজ ও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ব্যবহার করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আরও স্বচ্ছ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে আর্থিক লেনদেন পরিচালনা করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন বলেন, “দেশের আর্থিক ব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতে ডিজিটাল লেনদেনের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন বলেন, “অনেক চ্যালেঞ্জের মধ্যেও গ্রাহকদের আস্থা ও সহযোগিতায় ব্যাংকটি এগিয়ে যাচ্ছে। গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিতে ব্যাংক কাজ করছে।”

সভায় ‘বাংলা কিউআর’ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। স্বাগত বক্তব্য দেন আরেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দীন জসীম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শামছুদ্দীন জিয়া, বাংলাদেশ ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি বোর্ডের সদস্য শাহ মোহাম্মদ ওয়ালীউল্লাহ, বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাকির হোসেন।