১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রান্তিক জনপদে প্রজনন স্বাস্থ্যসেবার উদ্যোগ নিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ও আইসিডিডিআর,বি

১০০টি স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে এ সেবা দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 07:06 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

দেশের ছয় ধরনের প্রান্তিক অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্যসেবা উন্নত করতে তিন বছর মেয়াদি একটি কর্মসূচি হাতে নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আইসিডিডিআর,বি ।

এ উদ্যোগের আওতায় বরেন্দ্র, বিল, চর, উপকূলীয়, পাহাড়ি ও হাওর অঞ্চলের ১০০টি ইউনিয়ন অন্তর্ভুক্ত থাকছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বলছে, দুর্গম ভৌগোলিক অবস্থান, সীমিত অবকাঠামো এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে এ এলাকাগুলো প্রায়ই প্রচলিত স্বাস্থ্যসেবার বাইরে থাকে।

এসব এলাকায় ১০০টি স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে ৩০ হাজার নারী-কিশোরীকে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। এর মাধ্যমে পরোক্ষভাবে উপকৃত হবে ১ লাখের বেশি মানুষ। ক্যাম্পগুলোতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ পরামর্শ, জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং ও মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান করা হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ যৌথ উদ্যোগে মাসিক স্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (এসআরএইচআর), নিরাপদ পানি ও পরিচ্ছন্নতা এবং গৃহস্থালীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ১০০টি সচেতনতামূলক সেশনও আয়োজন করা হবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় এবং আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের তরফে এ সংক্রান্ত চুক্তিতে সই করেছেন।

অনুষ্ঠানে নাসের এজাজ বিজয় বলেন, “আমাদের এই উদ্যোগ একটি ইতিবাচক মূল্যবোধ গঠনে স্থায়ী প্রভাব রাখবে, যার ভিত্তি হিসেবে কাজ করবে সমতা, সমমর্যাদা ও সকলের প্রতি যত্ন।”

দুর্গম এলাকায় প্রজনন স্বাস্থ্যসেবা সেভাবে মেলে না মন্তব্য করে ড. তাহমিদ আহমেদ বলেন, “সেবায় এই বৈষম্য দূর করতে, আইসিডিডিআর,বি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ নারীর স্বাস্থ্যসেবা এবং জীবনমান উন্নয়নের জন্য এই যৌথ উদ্যোগটি গ্রহণ করছে।”

অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের প্রধান মুহিত রহমান, কর্পোরেট অ্যাফেয়ার্স এবং ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান বিটপী দাশ চৌধুরীসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।