ফুডপ্যান্ডার রাইডারদের জন্য বীমা সুবিধা
ডিজিটাল বীমা প্ল্যাটফর্ম বিমাফাই এর সঙ্গে সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে ফুডপ্যান্ডা।
রাইডারদের জন্য বিনামূল্যে দুর্ঘটনা বীমা সুবিধা দিচ্ছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।
মঙ্গলবার ফুডপ্যান্ডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহে ন্যূনতম একটি ডেলিভারি সম্পন্ন করলেই একজন রাইডার পুরো সপ্তাহজুড়ে যেকোনো ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে বীমা সুবিধা পাবেন। সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ফুডপ্যান্ডা ও ডিজিটাল বীমা প্ল্যাটফর্ম বিমাফাই।
“এর ফলে দুর্ঘটনায় কোনো রাইডারের মৃত্যু হলে অথবা তিনি স্থায়ী অক্ষমতার শিকার হলে কিংবা উভয় চোখের দৃষ্টিশক্তি অথবা একাধিক অঙ্গহানি হলে ১ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন। একটি চোখের দৃষ্টিশক্তি হারানো বা একটি হাত অথবা পা হারানোর মত স্থায়ী আংশিক ক্ষতি বা অক্ষমতার ক্ষেত্রে ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা পাবেন রাইডাররা।”
ফুডপ্যান্ডার প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা ও জুবায়ের বিএ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
ফুডপ্যান্ডার হেড অব লজিস্টিকস মুকিতুর রহমান খান বলেন, “আমাদের রাইডাররা প্রতিনিয়ত সেবা দিয়ে এ সার্ভিসটি চালু রাখছেন। আর তাই তাদের নিরাপত্তা আর ভালো থাকাটা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।”
