২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ব্র্যাক ব্যাংকের সিএসআরের সুবিধাভোগী পৌনে ২ লাখ মানুষ

প্রতিবন্ধীদের প্রশিক্ষণ, পরিবেশ ও জলবায়ুতেও নানা উদ্যোগ নেওয়ার কথা বলছে ব্যাংক কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2026, 09:56 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

করপোরেট সামাজিক দায়িত্বশীলতা বা সিএসআর উদ্যোগের মাধ্যমে ২০২৫ সালে দেশের ১ লাখ ৭২ হাজার ৫০২ জন মানুষের জীবনে ‘ইতিবাচক পরিবর্তন’ আনার কথা বলছে ব্র্যাক ব্যাংক।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, “নারীশিক্ষা ও প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি থেকে শুরু করে জলবায়ু অভিযোজন ও মানবিক সহায়তাসহ সব ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের সিএসআর উদ্যোগ দেশের অর্থনীতিকে টেকসই করতে অবদান রাখছে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০২৫ সালে ব্র্যাক ব্যাংকের ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় ৮০৭ জন সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থী নিজেদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেছে। ‘উদ্যোক্তা ১০১’ কর্মসূচির আওতায় ৩৪৮ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তা প্রশিক্ষণ লাভ করেছেন। এ ছাড়াও ব্যাংকের সহকর্মীদের ৩৫ জন প্রতিবন্ধী সন্তানকে বৃত্তি প্রদানের মাধ্যমে সমাজে অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রেখেছে ব্যাংকটি।

“‘অপরাজেয় আমি’ উদ্যোগের আওতায় ব্যাংকের করপোরেট ও এসএমই গ্রাহকদের ৪৭ হাজার ৫৩৪ কর্মীর বিনামূল্যে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চশমা দেওয়া হয়েছে। কর্মীদের সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি কারখানার উৎপাদনশীলতা বাড়াতেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এ উদ্যোগটি। ঠাকুরগাঁও ও বগুড়ায় ৪৪ হাজার ৫৪৫ জন সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে ছানি অপারেশন, ওষুধ ও চোখের চিকিৎসা পেয়েছেন। এ ছাড়াও, ৩ হাজার ৯৭১ জন ছানি অপারেশন এবং ‘স্যার আবেদ কিডনি ডায়ালাইসিস ফান্ড’-এর আওতায় ৭ হাজার ২৯টি বিনামূল্যে কিডনি ডায়ালাইসিস সেশন দেওয়া হয়েছে।”

প্রতিবন্ধীদের প্রশিক্ষণ, পরিবেশ ও জলবায়ুতে নানা উদ্যোগ নেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে বলেছে ব্র্যাক ব্যাংক।