১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

“২০২৫ সালে আমাদের মোট আয় সামান্য কমে ১৫ হাজার ৮১০ কোটি টাকায় দাঁড়িয়েছে “ বলেন সিইও ইয়াসির আজমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 10:07 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

শেয়ারহোল্ডারদের ২০২৫ সালের জন্য ২১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে মোবাইল ফোন অপারেটর কোম্পানি— গ্রামীণফোন।

কোম্পানির ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন হয় বলে গ্রামীণফোনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

সভায় গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান জন ওমুন্ড রেভহাগ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) অটো মাগনে রিসব্যাক ও কোম্পানি সেক্রেটারি এস এম ইমদাদুল হক উপস্থিত ছিলেন।

গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান জন ওমুন্ড রেভহাগ বলেন, “গ্রামীণফোনের জন্য ২০২৫ সাল ছিল স্থিতিশীল অগ্রগতির বছর। কিন্তু মনে হচ্ছে, বিরূপ পরিস্থিতি মোকাবেলা করে আমরা কতটা এগিয়ে যেতে পারি, ২০২৬ সালে আমাদের সে পরীক্ষা আবারো দিতে হতে পারে। 

“ধারাবাহিক চ্যালেঞ্জপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটে আমরা মৌলিক শক্তি বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং দ্রুত ডিজিটালাইজড বিশ্বে গ্রাহকদের বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছি।"

ইয়াসির আজমান বলেন, “২০২৫ সালে আমাদের মোট আয় সামান্য কমে ১৫ হাজার ৮১০ কোটি টাকায় দাঁড়িয়েছে, যেখানে গ্রাহক সংখ্যা ছিল ৮ কোটি ৩৯ লাখ। এর মধ্যে ৪ কোটি ৮৭ লাখ ইন্টারনেট ব্যবহারকারী। 

“ধারাবাহিক সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কঠোর ব্যয় ব্যবস্থাপনা সত্ত্বেও কর পরবর্তী নিট মুনাফা কিছুটা কমে ২ হাজার ৯৬০ কোটি টাকায় দাঁড়িয়েছে।”