২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

এমআইইজেডে সিকা বাংলাদেশের কারখানা চালু

“এই ফ্যাক্টরিটির মাধ্যমে দেশের স্থানীয় বাজারে সাপ্লাই চেইন এফিসিয়েন্সি আরও বাড়বে,” বলেন সঞ্জীবন রায় নন্দী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 09:25 AM

Updated : 26 Aug 2026, 02:35 PM

সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানি সিকা বাংলাদেশ লিমিটেডের নতুন কারখানা চালু হলো নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে (এমআইইজেড)।

সোমবার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুইস রাষ্ট্রদূত রেটো রেংগলি উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বিশেষায়িত রাসায়নিক উৎপাদনকারী কোম্পানি সিকা নির্মাণ ও মোটরগাড়ি শিল্পের জন্য বন্ডিং, সিলিং, ড্যাম্পিং, রিইনফোর্সিং এবং প্রটেকশনের জন্য বিভিন্ন সিস্টেম ও পণ্য উদ্ভাবন ও উৎপাদন করে থাকে।

শতাধিক দেশে সিকা’র সাবসিডিয়ারি ও ৪০০টিরও বেশি উৎপাদন কারখানা রয়েছে, যেখানে ৩৪ হাজারেরও বেশি কর্মী রয়েছে বলে জানিয়েছেন সিকা বাংলাদেশের প্রধান সঞ্জীবন রায় নন্দী।

তিনি বলেছেন, “সিকা বাংলাদেশে তাদের এই উৎপাদন ফ্যাক্টরিটি স্থাপনে প্রায় ৫ দশমিক ১৯ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বিনিয়োগ করেছে। প্রায় ৮ হাজার ৯৪ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত এই নতুন ফ্যাক্টরিটিতে দুইটি প্রোডাকশন লাইন (লিকুইড অ্যাডমিক্সচার, অন্যান্য কংক্রিট এসেনশিয়াল এবং পাউডার-ভিত্তিক পণ্য) রয়েছে।

“এই ফ্যাক্টরিটির মাধ্যমে দেশের স্থানীয় বাজারে সাপ্লাই চেইন এফিসিয়েন্সি আরও বাড়বে। এছাড়াও সিকা বাংলাদেশ বাজারে একটি নতুন ও উচ্চ-ক্ষমতাসম্পন্ন টাইল অ্যাডহেসিভ নিয়ে আসতে যাচ্ছে। এই ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট-টি প্রচলিত মর্টারের তুলনায় অধিক দীর্ঘস্থায়িত্ব ও বন্ডিং স্ট্রেন্থ প্রদান করবে।”

মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।