Published : 09 Feb 2026, 12:48 AM
ব্যবসায়িক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে উপশাখা বিজনেস কনফারেন্স সম্পন্ন করেছে আইএফআইসি ব্যাংক।
শনিবার বগুড়ার ‘মমো ইন পার্ক অ্যান্ড রিসোর্টের’ এ সম্মেলনে উত্তরাঞ্চলের সব উপশাখা অংশগ্রহণ করে বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন বলেন, “গ্রাহকদের অবিচল আস্থা এবং মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের নিরলস পরিশ্রমই আইএফআইসি ব্যাংকের মূল চালিকাশক্তি।”
বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে উপশাখাগুলোর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “অদূর ভবিষ্যতে আইএফআইসি ব্যাংক উত্তরাঞ্চলের গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য এবং পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবার প্রাণকেন্দ্রে পরিণত হবে।”
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, “আইএফআইসি ব্যাংকের দেশব্যাপী বিস্তৃত উপশাখা নেটওয়ার্ক আমাদের ব্যবসায়িক প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি। কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার উন্নয়ন এবং আধুনিক ব্যাংকিং সেবার মানোন্নয়নে ব্যাংক কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট।”
কনফারেন্সে আমানত সংগ্রহ, ঋণ বিতরণ এবং পরিচালন মুনাফা অর্জনে বিশেষ অবদানের জন্য ২৪টি উপশাখাকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, হেড অব অপারেশনস হেলাল আহমেদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মন্ডল ও নর্থ বেঙ্গল রিজিওনাল হেড মো. তাজমিলুর রহমান উপস্থিত ছিলেন।