পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি
তহবিলের আওতায় প্রয়োজনীয় চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে না পারা সিএমএসএমই প্রতিষ্ঠানগুলো ৯ শতাংশ সুদে ঋণ পাবে।
কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল থেকে সহজ শর্তে ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে এনআরবি ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক জবদুল ইসলাম ও এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চুক্তিতে স্বাক্ষর করেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার এনআরবি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ তহবিলের আওতায় সাধারণভাবে সচল সিএমএসএমই প্রতিষ্ঠান কিন্তু প্রয়োজনীয় চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছে না, এমন প্রতিষ্ঠান মাত্র ৯ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা পাবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং এনআরবি ব্যাংকের এসএমই বিভাগের প্রধান মো. আমিনুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
