Published : 14 Dec 2025, 09:53 PM
রাজধানীর ধানমন্ডিতে ইস্টার্ন ইউনিভার্সিটির উদ্যোগে ‘বাংলাদেশে ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ওই অনুষ্ঠানে স্থানীয় ব্যাংকার, শরিয়াহ বিশারদ এবং শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব মোহাম্মদ আইয়ুব মিয়া।
সভা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল বাশার খান। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের পরিচালক ফারহানা খান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে প্রথমবারের মত ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘ইসলামিক ফাইন্যান্স, ব্যাংকিং ও ইনসিওরেন্স’ বিষয়ে বিবিএ এবং এমবিএ প্রোগ্রাম চালুর উদ্যোগকে ‘স্বাগত জানান’ বক্তারা।
আইয়ুব মিয়া বলেন, “ইসলামিক অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থায় শরিয়াহ বোর্ডের ভূমিকা হতে হবে সম্পূর্ণ স্বাধীন এবং প্রভাবমুক্ত। শরিয়াহ বোর্ড কেবল পরামর্শদাতা হিসেবে নয়, বরং সুপারভাইজারি ভূমিকায় কাজ করবে এবং তাদের সিদ্ধান্ত পরিচালন পর্ষদের সিদ্ধান্তের চেয়েও অগ্রাধিকার পাবে।”
তিনি ইসলামিক ব্যাংকগুলোতে নিয়মিত ও কার্যকর ‘শরিয়াহ অডিট’-এর ওপর গুরুত্বারোপ করেন।
যাকাত ব্যবস্থাপনাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে এবং এর সঠিক ব্যবহারের মাধ্যমে ‘দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব’ বলে মত দেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান।
অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ছায়েদুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক মো. মেজবাহ উদ্দিন, এবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ফরিদ আহমেদ ফকির, ইবিএল ইসলামিক ব্যাংকিংয়ের হেড অব শরিয়া সেক্রেটারিয়েট মুহাম্মদ মুনিরুল হক, ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং ডিভিশনের এভিপি ও ডেপুটি হেড মো. আজাদ রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক পিএলসির সহকারি ভাইস প্রেসিডেন্ট মো. ছায়েদ জোনায়েদ অনুষ্ঠানে বক্তব্য দেন।