২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

এসএমই ডেবিট কার্ড চালু করল প্রাইম ব্যাংক

এর ফলে এখন থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা (এসএমই) সহজে ব্যবসায়িক উদ্দেশ্যে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2025, 02:14 AM

Updated : 26 Aug 2026, 02:26 PM

আন্তর্জাতিক রেমিটেন্স সুবিধাসহ এসএমই ডেবিট কার্ড চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি। 

এর ফলে এখন থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা (এসএমই) সহজে ব্যবসায়িক উদ্দেশ্যে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট করতে পারবেন।

প্রাইম ব্যাংক এসএমই ডেবিট কার্ড স্থানীয়ভাবে পিওএস, এটিএম ও অনলাইন লেনদেনের জন্যও ব্যবহার করা যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।

একক মালিকানাধীন কোম্পানিগুলো এই এসএমই ডেবিট কার্ড নিতে পারবে, আর পার্টনারশিপ বা লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত এসএমই প্রতিষ্ঠানগুলো এসএমই প্রিপেইড কার্ড নিতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক একটি সার্কুলারের আলোকে প্রথমবারের মতো এই কার্ড চালুর উদ্যোগ নিয়েছে প্রাইম ব্যাংক। 

“এর মাধ্যমে এসএমই উদ্যোক্তারা অনলাইনে আন্তর্জাতিক ব্যবসায়িক পেমেন্ট করতে পারবেন। এ উদ্যোগের আওতায় এসএমই ফাউন্ডেশনে নিবন্ধন যাচাই করার মাধ্যমে এসএমই গ্রাহকরা এখন অনলাইনে ব্যবসা-সংক্রান্ত পেমেন্ট করতে পারবেন।” 

বৈধ ব্যবসায়িক ব্যয়ের ক্ষেত্রে এসএমই ডেবিট কার্ডে প্রতিবার সর্বোচ্চ ৬০০ মার্কিন ডলার পর্যন্ত রিফিল করা যাবে। আর বছরে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত রিফিল করা যাবে। 

মঙ্গলবার রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমই অ্যান্ড এসপিডি), অতিরিক্ত পরিচালক (এসএমই অ্যান্ড এসপিডি) মো. নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আয়ুব আলী এবং মাস্টারকার্ড বাংলাদেশের পরিচালক সোহেল আলিম। 

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ চৌধুরী বলেন, “প্রাইম ব্যাংক সবসময় এসএমই উদ্যোক্তাদের আর্থিকভাবে সক্ষম করে তুলতে উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করে আসছে। আন্তর্জাতিক রেমিটেন্স সুবিধাসহ এই এসএমই ডেবিট কার্ড চালুর মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তারা এখন বৈশ্বিক ডিজিটাল প্ল্যাটফর্মে আরও আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিতে পারবেন। এটি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক।”

অন্যদের মধ্যে প্রাইম ব্যাংকের মামুর আহমেদ (হেড অব ডিস্ট্রিবিউশনস), মোহাম্মদ আমিনুর রহমান (হেড অব এসএমই) এবং জোয়ার্দ্দার তানভীর ফয়সাল (হেড অব কার্ডস) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।