Published : 12 May 2026, 09:08 PM
দেশে পানি ও স্যানিটেশন খাতে কাজ করা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণে একেজোট হয়েছে ট্রাস্ট ব্যাংক ও ওয়াটার ডট অর্গ।
এই অংশীদারত্বের আওতায় ট্রাস্ট ব্যাংক আগামী তিন বছরে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি খাতে ৩৫০ কোটি টাকার একটি ‘বিশেষায়িত ঋণ’ পোর্টফোলিও গঠন করবে।
রোববার ঢাকার একটি হোটেলে কৌশলগত এই ওয়াটারক্রেডিট সহযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বলে ট্রাস্ট ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন আল মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের (এসএফডি) পরিচালক চৌধুরী লিয়াকত আলী।
তিনি তার বক্তব্যে দেশের ব্যাংকিং খাতে ‘সবুজ ও টেকসই অর্থায়ন সম্প্রসারণে’ বাংলাদেশ ব্যাংকের অঙ্গীকারের বিষয়টি তুলে ধরেন।
ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী তার বক্তব্যে ‘অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও প্রভাবভিত্তিক অর্থায়নের’ প্রতি ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ট্রাস্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ওয়াটার ডট অর্গ বাংলাদেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।