১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শ্রদ্ধা-ভালোবাসায় স্যামসন এইচ চৌধুরীকে স্মরণ

“কিংবদন্তি শিল্পপতি হওয়ার আগে তিনি ছিলেন আদর্শ একজন মানুষ,” বলেন প্রয়াত শিল্পোদ্যোক্তার ছেলে তপন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2025, 10:32 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

শততম জন্মদিনে শ্রদ্ধা আর ভালোবাসায় প্রয়াত শিল্পোদ্যোক্তা ও স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীকে স্মরণ করেছেন শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথেড্রালে হাজারো অতিথির উপস্থিতিতে এ স্মরণসভা হয় বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সভার শুরুতে প্রার্থনা পর্বে স্যামসন এইচ চৌধুরীর জীবনকে উৎসর্গ করে খ্রিষ্টিয় সঙ্গীত পরিবেশন করা হয়।

এ পর্বে পবিত্র বাইবেল পাঠ এবং স্যামসন এইচ চৌধুরীর পরিবারের জন্য বিশেষ প্রার্থনা উৎসর্গ করা হয়। ধর্মীয় বাক্য প্রচারের মাধ্যমে নিজের স্নেহাশীষ জানান কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির স্মৃতিচারণ করে বলেন, “জীবনের পড়ন্ত বেলায়ও তিনি যতটা জীবনশক্তিতে ভরপুর ছিলেন, যতটা কর্মতৎপর ছিলেন, তা অনুকরণীয়। তার নেতৃত্বেই আমরা ওষুধ শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।”

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “তার অনুপ্রেরণায়, তার গাইডেন্সে আমরা টিআইবিতে কাজ করতাম। তিনি সবসময় বলতেন, আমাদের কাজে চ্যালেঞ্জ আসবে। কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না।"

সভায় অন্যদের মধ্যে স্মৃতিচারণ করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান, চার্চ লিডার ডেনিস দিলীপ দত্ত এবং শিক্ষাবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী। 

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দীন বলেন, “তিনি ছিলেন একজন অর্থনৈতিক দার্শনিক। নীতি-নির্ধারনী বিভিন্ন বিষয়ে তার সঙ্গে আমি দীর্ঘ আলোচনা করে উপকৃত হয়েছি।"

সভায় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্যামসন এইচ চৌধুরীর পৌত্রী সাঞ্চিয়া চৌধুরী। সমাপনী বক্তব্যে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন তার দ্বিতীয় ছেলে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী।

তিনি বলেন, “একজন কিংবদন্তি শিল্পপতি হওয়ার আগে তিনি ছিলেন আদর্শ একজন মানুষ। তাকে আপনারা অনেকেই একজন আদর্শ মানুষ হিসেবেই চেনেন। তিনি নিজের সততা, নৈতিকতা, ন্যায়পরায়ণতা এবং দানশীলতার সঙ্গে কখনো আপস করেননি।”

সভায় গান পরিবেশন করেন জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী শামা রহমান এবং প্রার্থনা সংগীত পরিবেশন করে গেৎশিমানি ব্যাপ্টিস্ট চার্চ কয়ার।