Published : 31 Jan 2026, 03:21 PM
খাদ্যপণ্যের বৈশ্বিক বড় মেলা গালফ ফুড ফেয়ারে অংশ নিয়ে প্রায় ৫৫ লাখ ডলারের রপ্তানির কার্যাদেশ পাওয়ার কথা জানিয়েছে শিল্পগোষ্ঠী প্রাণ।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, এসব ক্রয়াদেশ এসেছে আমেরিকা, চীন, সৌদি আরব, ইরাক, সিরিয়া, ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে।
এতে বলা হয়, “এবারের মেলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাণ-এর বিস্কুট, নুডলস, বেভারেজ ও কনফেকশনারী পণ্যের ক্রয়াদেশ বেশি এসেছে।”
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হওয়া পাঁচ দিনের ফুড ফেয়ার শেষ হয়েছে শুক্রবার।
এ বছর মেলায় বিশ্বের ১৯৫টি দেশ থেকে আট হাজারের বেশি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করে। প্রাণ গ্রুপ মেলায় প্রায় ৫০০ ধরনের খাদ্যপণ্য প্রদর্শন করে।
প্রাণ গ্রুপের নির্বাহী পরিচালক (এক্সপোর্ট) মিজানুর রহমান বলেন, “আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, সেন্ট্রাল ও সাউথ আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে নিজেদের উপস্থিতি আরো সুসংহত করতে আমরা কাজ করছি। এ লক্ষ্যে আমরা বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা গালফ ফুড ফেয়ারে প্রতিবছর অংশ নিচ্ছি।”

প্রাণের নির্বাহী পরিচালক গোলাম রসুল (এক্সপোর্ট-ইউরোপ ও আমেরিকা) বলেন, “এবছর ইউরোপসহ বিভিন্ন দেশের প্রায় ৫০০ আমদানিকারক প্রাণ এর স্টল পরিদর্শন করেছেন। আমাদের স্টলে রয়েছে জুস ও বেভারেজ, বিস্কুট ও বেকারি, স্ন্যাকস, নুডলস, স্পাইস, কালিনারি ও ফোজেন ফুডস ক্যাটাগরির পণ্য প্রদর্শন করা হয়েছে।”
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “গালফ ফুড ফেয়ার এক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
“এবছর আমরা ভালো ক্রয়াদেশ পেয়েছি এবং আশা করছি ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী পণ্য সরবরাহ করে দেশের রপ্তানি আয় বৃদ্ধি করতে বড় ভূমিকা রাখতে পারব।”